প্রকাশিত: Mon, Dec 19, 2022 2:01 PM
আপডেট: Thu, Mar 12, 2026 12:21 PM

বিএনপির শাসনামলে নিখোঁজ ব্যক্তিদের তালিকা হচ্ছে : স্বরাষ্ট্রমন্ত্রী

আনিস তপন: আসাদুজ্জামান খাঁন কামাল জানিয়েছেন, বিএনপির শাসনামলে ‘নিখোঁজ বা গুম’ হওয়া ব্যক্তিদের তালিকা করা হচ্ছে। তিনি বলেন, ‘ওই সময়ে মুক্তিযোদ্ধাদের হত্যা করা হয়েছিল। ২০০১ থেকে ২০০৬ সাল পর্যন্ত আওয়ামী লীগের নেতাকর্মীদের হত্যা করা হয়েছিল, গুম হয়েছিল। সেগুলোর আমরা একটা রিপোর্ট তৈরি করছি।’ সোমবার সচিবালয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন। স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, সবকিছু নিয়েই তদন্ত হোক, সবকিছু নিয়েই একটা ব্যবস্থা হোক, এটা আমরাও চাই। বিএনপির যে নেতাকর্মীরা ‘নিখোঁজ, গুম বা হত্যার’ শিকার হয়েছে; ক্ষমতায় গেলে সেসব ঘটনার বিচার করার কথা বলছেন দলটির নেতারা। সে বিষয়ে দৃষ্টি আকর্ষণ করা হলে স্বরাষ্ট্রমন্ত্রী বিএনপির সময়ের ‘নিখোঁজ, গুম বা হত্যার’ অভিযোগ নিয়ে কথা বলেন।

তিনি বলেন, ‘আমরাও কিন্তু একটা স্টেপ নিচ্ছি যে- ওই সময়ে (বিএনপির সময়ে) হাজার হাজার মানুষ নিখোঁজ হয়েছে। বিচারহীনভাবে হত্যা করা হয়েছে। তাদের একটি তালিকা তৈরি করছি এবং এটি একটি গণদাবিতে পরিণত হয়েছে।’

থার্টিফার্স্ট নাইটের নিরাপত্তার প্রশ্নে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, আতশবাজি কিংবা পটকা ফোটানো যাবে না। রাস্তায় বা প্রতিবন্ধকতা সৃষ্টি করে কোনো অনুষ্ঠান করা যাবে না। পুলিশের অনুমতি নিয়ে অনুষ্ঠান করা যাবে। তবে কোনো প্রতিবন্ধকতা সৃষ্টি করে নয়। বারগুলো ৩১ ডিসেম্বর সন্ধ্যা ৬টার থেকে পরদিন সন্ধ্যা ৬টা পর্যন্ত বন্ধ থাকবে। সম্পাদনা: খালিদ আহমেদ